
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২ বার পঠিত | পড়ুন মিনিটে

পটুয়াখালীতে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি গোপাল হালদার রাহুলের ওপর সংঘবদ্ধ হামলা, হত্যাচেষ্টা, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক মিরাজ ইমতিয়াজসহ ছয়জনের নাম উল্লেখ করে পটুয়াখালী সদর থানায় এ মামলা করা হয়েছে। এতে অজ্ঞাতনামা আরও ১৮ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সাংবাদিকের বড় ভাই সুমন চন্দ্র হালদার বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহার অনুযায়ী, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পটুয়াখালী শহরের বড় চৌরাস্তার ফুট ওভারব্রিজের নিচে পশ্চিম পাশে বিসমিল্লাহ স্টোরের সামনে এ হামলার ঘটনা ঘটে।
মামলার এজাহারে নাম উল্লেখ করা অন্য আসামিরা হলেন—আবু রাইয়ান শাকের (২৫), মারুফ হাসান (২৩), আসাদুল্লাহ হাসান মুসা (২২), তানজিল ইসলাম (২৬) ও রুশদা ইসলাম রিপা (১৭)।
এজাহারে বাদী উল্লেখ করেন, তার ছোট ভাই গোপাল হালদার রাহুল কালের কণ্ঠের পটুয়াখালী জেলা মাল্টিমিডিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত। গত ৬ আগস্ট ২০২৫ সালে কালের কণ্ঠের ডিজিটাল প্ল্যাটফর্মে জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মিরাজ ইমতিয়াজের বিরুদ্ধে জুলাই যোদ্ধা হিসেবে সরকারি গেজেটে নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে ভুয়া নথি ব্যবহারের অভিযোগ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন গোপাল। ওই প্রতিবেদনের পর নিজের নাম জুলাই আহতদের গেজেট থেকে বাদ দেওয়ার আবেদন জানিয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন মিরাজ। এ ঘটনাকে কেন্দ্র করে মিরাজ তার ভাইয়ের ওপর ক্ষুব্ধ ছিলেন এবং বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারের বিবরণ অনুযায়ী, পূর্ববিরোধের জের এবং জাতীয় ছাত্র শক্তি পটুয়াখালী জেলা শাখার যুগ্ম সদস্য সচিব রুশদা ইসলাম রিপার একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে আসামিরা পরিকল্পিতভাবে লাঠিসোঁটা নিয়ে গোপালকে ঘিরে ধরেন। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় মিরাজের হাতে থাকা নানচাকু দিয়ে তার মাথায় আঘাতের চেষ্টা করা হলে তিনি সরে যান। এতে আঘাতটি তার বাঁ পায়ের পাতায় লাগে এবং পায়ের হাড় ভেঙে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া আবু রাইয়ান শাকের গোপালের গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন এবং নাকে ঘুষি মারেন। এতে তার নাকের হাড় ভেঙে যায় বলে অভিযোগ করা হয়েছে। অন্যদিকে মারুফ হাসান ও তানজিল ইসলাম মাথা লক্ষ্য করে কিল-ঘুষি মারেন। এতে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয়।
হামলার একপর্যায়ে গোপালের প্যান্টের পকেটে থাকা প্রায় ৫৭ হাজার টাকা মূল্যের স্যামসাং গ্যালাক্সি এস২১ ফাইভজি মডেলের একটি স্মার্টফোন মিরাজ নিয়ে যান বলে এজাহারে দাবি করা হয়েছে। একই সময়ে আবু রাইয়ান তার সঙ্গে থাকা ৫৬ হাজার টাকা ছিনিয়ে নেন বলেও অভিযোগ রয়েছে।
পরে স্থানীয় লোকজন তাকে হামলাকারীদের কবল থেকে উদ্ধার করেন। এ সময় আসামিরা তাকে প্রাণনাশ ও গুরুতর জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গোপাল হালদারকে ধরে আছেন ৫-৭ জন। সামনে থেকে আরও কয়েকজনে বেধরক কিল ঘুষি দিয়ে যাচ্ছেন। ভিডিওতে হামলাকারীদের বলতে শোনা যায়, ‘ওরে কেউ ধরবেন না।’
হামলার শিকার সাংবাদিক গোপাল হালদার বলেন, ‘২০২৫ সালের ৬ আগস্ট কালের কণ্ঠের ডিজিটাল প্ল্যাটফর্মে ‘জুলাই শহীদ ও আহতদের তালিকায় ভুয়া নাম’ শিরোনামে তার একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে মিরাজ ইমতিয়াজের বিরুদ্ধে জুলাই আন্দোলনে আহত না হয়েও ভুয়া সনদের মাধ্যমে সরকারি গেজেটে নাম অন্তর্ভুক্ত করে সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগ তুলে ধরা হয়েছিল। প্রতিবেদন প্রকাশের পর থেকে মিরাজ ও তার সংগঠনের নেতা-কর্মীরা তার ওপর ক্ষুব্ধ ছিলেন।
গোপাল আরও বলেন, এর আগেও একবার তার ওপর হামলার চেষ্টা করা হয়েছিল। তবে স্থানীয় লোকজনের তৎপরতায় সেবার রক্ষা পান। এবার সংঘবদ্ধভাবে তাকে মারধর করা হয়েছে। পায়ে গুরুতর আঘাত করা হয়েছে। সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের ওপর এমন হামলা হলে পেশাগত দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়বে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
মামলার বাদী সুমন চন্দ্র হালদার বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে হামলা করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।
তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ও মামলার প্রধান আসামি মিরাজ ইমতিয়াজ জানান, জুলাই আন্দোলনে আহত হওয়ার পর সরকারি সহায়তার জন্য তিনি আবেদন করেছিলেন। পরে সরকারি প্রজ্ঞাপনে তার নাম জুলাই যোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হয় এবং তিনি ভাতা পাচ্ছেন।
গোপাল হালদারের প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা দাবি করে তিনি বলেন, এক নারী জুলাই যোদ্ধার আপত্তিকর এআই ভিডিও গোপাল ছড়িয়ে দিয়েছেন। এর প্রতিবাদে তারা ইতোমধ্যে মানববন্ধন করেছেন।
এদিকে, এআই দিয়ে অশ্লীল ভিডিও তৈরি ও ছড়ানোর অভিযোগ এনে সাংবাদিক গোপাল হালদারের বিরুদ্ধেও সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। হামলার ঘটনার পরের দিন গোপাল হালদারকে আসামি করে পটুয়াখালী সদর থানায় ছাত্রশক্তি নেত্রী রুশদা ইসলাম রিপা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, উভয় পক্ষই থানায় মামলা করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
