শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

পাম্পে দীর্ঘ সারি থেকে সড়কে নিত্য দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাম্পে দীর্ঘ সারি থেকে সড়কে নিত্য দুর্ভোগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাবে বাংলাদেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। তেলের জন্য রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দিন-রাত মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ সারি এখন নিত্যদিনের চিত্র। জ্বালানি নিতে আসা এই যানবাহনের সারি মূল সড়কে ছড়িয়ে পড়ায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, যা পুরো শহরের যাতায়াত ব্যবস্থাকে অচল করে দিচ্ছে। কয়েক লিটার তেলের জন্য কর্মঘণ্টা বিসর্জন দিয়ে মানুষের এই অন্তহীন প্রতীক্ষা কেবল রাজধানীতেই নয়; ছড়িয়ে পড়েছে সারাদেশের মহাসড়কেও।

সরেজমিন গতকাল বৃহস্পতিবার পল্টন, মহাখালী বাস টার্মিনাল-সংলগ্ন এলাকা, তেজগাঁও, মগবাজার, আজিমপুর, নীলক্ষেত, গুলিস্তান ও মতিঝিলের ১০টি পেট্রোল পাম্প ঘুরে ৮টির সামনে গাড়ির দীর্ঘ জট দেখা যায়। কোথাও কোথাও গাড়ির সারি প্রধান সড়কের একাধিক লেন দখল করে ফেলে।

মৎস্য ভবন এলাকার রমনা ফিলিং স্টেশনে সকাল থেকেই গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি চোখে পড়ে। পাম্প থেকে শুরু হয়ে শিল্পকলা পেরিয়ে প্রেস ক্লাব-পল্টন সড়কে সে সারি উঠে যায়। এতে সড়কের এক লেন পুরো বন্ধ হয়ে যায়। এতে মৎস্য ভবন, সেগুনবাগিচা, হাইকোর্ট, পল্টনসহ পুরো এলাকার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সারিতে দাঁড়িয়ে থাকা গাড়িচালক আব্দুল কাদের বলেন, ভোর সাড়ে ৫টা থেকে অপেক্ষায় আছি। এখন বেলা ১০টা, তবু তেল পাইনি। এখানে দাঁড়িয়েই সময় যাচ্ছে। আবার রাস্তায় যানজট। উভয় দিকেই ভোগান্তি।

মতিঝিলের মধুমিতা হলের পাশের পেট্রোল পাম্পের গাড়ির সারি ইত্তেফাক মোড় পেরিয়ে গোপীবাগের দিকে চলে গেছে। এর ফলে মতিঝিলসহ দিলকুশা এলাকায় তীব্র জট সৃষ্টি করেছে। তেজগাঁও থেকে মহাখালী পর্যন্ত একাধিক পাম্প থাকায় এই এলাকায় যানজট আরও প্রকট আকার নিয়েছে। মহাখালী থেকে শুরু করে মগবাজার মৌচাক ফ্লাইওভার পর্যন্ত গাড়িগুলো গতকাল দুপুর থেকেই যানজটে আটকে থাকতে দেখা যায়। তেজগাঁওয়ের সিটি ফিলিং স্টেশনের সারিতে অপেক্ষমাণ প্রাইভেট কারচালক আকবর হোসেন গতকাল বিকেল ৫টায় সমকালকে বলেন, পুরো রাস্তাই গাড়ির সারিতে আটকা। সামনে-পেছনে নড়ার জায়গা নেই। মগবাজার ফ্লাইওভারের ওপর আটকে পড়া আজমেরী বাসের চালক রফিকুল ইসলাম গতকাল সন্ধ্যা ৬টায় বলেন, পাম্পগুলোতে প্রতিদিন ভিড় থাকে। কিন্তু গত কয়েক দিন ধরে গাড়ির সারি রাস্তা দখল করে যানজট লাগিয়ে দিয়েছে। ওই বাসের যাত্রী ইকবাল কবির বলেন, পাম্পগুলো সব রাস্তার মোড়ে। তাই যানজট বেশি হচ্ছে।

এদিকে চলমান জ্বালানি তেল সংকট নিয়ে পেট্রোল পাম্পে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সে ব্যাপারে কঠোর নজরদারি রাখার নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। গতকাল বৃহস্পতিবার ডিএমপি সদরদপ্তরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের তিনি এ নির্দেশনা দেন।

সভায় বলা হয়, জ্বালানি তেল নিতে পেট্রোল পাম্পের সামনে ও আশপাশের সড়কে গাড়ির দীর্ঘ সারি থাকছে। কোনো কোনো সড়কে পাশাপাশি দু্ই-তিন সারি গাড়ি দেখা যাচ্ছে। এতে এসব সড়কে তীব্র যানজট দেখা দেয়। এই যানজট নিরসনে ডিএমপির ট্রাফিক বিভাগকে কার্যকর পদক্ষেপ নেওয়ারও নির্দেশনা দেন ভারপ্রাপ্ত কমিশনার।

পাম্পে সারি কমছে না
জ্বালানি সরবরাহে টানাপোড়েনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি যেন কমছেই না। চাহিদার তুলনায় তেল সরবরাহ কম থাকায় রাজধানীর পাশাপাশি নারায়ণগঞ্জ, মাগুরা, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের অদিকাংশ এলাকার পাম্পেই সৃষ্টি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি। কোথাও কোথাও তেলের সারির দৈর্ঘ্য কয়েক কিলোমিটার ছাড়িয়ে যাচ্ছে। আবার অনেক পাম্পে কয়েক ঘণ্টা অপেক্ষার পরও খালি হাতে ফিরতে হচ্ছে গ্রাহকদের।

নারায়ণগঞ্জ জেলার অর্ধশতাধিক পাম্পের বেশির ভাগই পর্যাপ্ত সরবরাহ না পেয়ে আংশিক বা পুরোপুরি বন্ধ। একই চিত্র মাগুরায়। ভোর থেকে সারিতে দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে হতাশ হয়ে ফিরছেন মানুষ। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জে ডিজেলের সংকটে কৃষি খাতেই দেখা দিয়েছে চরম অস্থিরতা। সেচের পানি না পেয়ে শুকিয়ে যাচ্ছে ফসলের জমি।

এদিকে ঢাকায় ফুয়েল পাস চালু থাকলেও তেমন সুফল মিলছে না। নির্ধারিত পাম্পেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। অনেক ক্ষেত্রে তেল শেষ হয়ে যাওয়ায় পাসধারীরাও পড়ছেন অনিশ্চয়তায়।

৭ কর্মকর্তাকে একযোগে বদলি
সাত কর্মকর্তাকে একযোগে বদলি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এর মধ্যে আছেন তাদের দুই মালিকানা ও অংশীদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকও। গতকাল বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। আদেশে গতকাল দুপুরের মধ্যেই বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে বলা হয়। কী কারণে এমন তাৎক্ষণিক বদলি আদেশ ইস‍্যু করা হয়েছে, তা নিয়ে বিপিসির কেউ মুখ খুলছেন না। আদেশপত্রে এলপি গ্যাস লিমিটেডের (এলপিজিএল) ব্যবস্থাপনা পরিচালক ও বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) বিভাগের অতিরিক্ত দায়িত্বে থাকা মো. ইউসুফ হোসেন ভুঁইয়াকে যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বদলি করা হয়। একই আদেশে যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আমীর মাসুদকে এলপিজিএলের ববস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়। বদলি অন্য কর্মকর্তাদের মধ্যে বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (নিরীক্ষা) আবুল কালাম আজাদকে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের (এসএওসিএল) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) করা হয়। পাশাপাশি এসএওসিএলের সিইও ফেরদৌসী মাসুম হিমেলকে বিপিসির মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) হিসেবে বদলি করা হয়। একই আদেশে বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স) মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদকে মহাব্যবস্থাপক (অর্থ) হিসেবে আগের পদে ফেরত পাঠানো হয়। বিপিসির চেয়ারম্যান কার্যালয়ে সংযুক্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসাইনকে মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স) হিসেবে এবং মহাব্যবস্থাপক (অর্থ) হিসেবে চলতি দায়িত্বে থাকা মো. জাহাঙ্গীর কবিরকে মহাব্যবস্থাপক (নিরীক্ষা) হিসেবে চলতি দায়িত্ব হিসেবে পদায়ন করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us
সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়