নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৫ মে ২০২৬ | প্রিন্ট | ১৩ বার পঠিত | পড়ুন মিনিটে
ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনার ‘গুজব রটিয়ে’ পিটিয়ে হত্যা করা ট্রাকচালকের শিশু সন্তানের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার সকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামে ট্রাকচালকের বাড়িতে গিয়ে শিশুটির দাদা-দাদীকে এ কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান। দুই বছর বয়সী কন্যা শিশুটির বাবা হান্নান শেখ (৩৫) ওই গ্রামের বাসিন্দা শাহিদ শেখ ও নার্গিস বেগমের ছেলে।
১ মে রাতে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া এলাকায় হান্নানের ট্রাক বহু পথচারীকে ধাক্কা দিয়েছে- এমন অভিযোগ ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে স্থানীয়রা রাস্তা অবরোধ করে ট্রাকটি থামায় এবং চালক হান্নান শেখকে নামিয়ে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, হান্নান শেখ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যাওয়ার পর তাদের দুই বছরের কন্যা মোসলেমা তার দাদা-দাদীর কাছে থাকে।
মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল বলেন, “ট্রাক চালক হান্নানের মৃত্যু ও তার পরিবারের বিষয়টি গণমাধ্যমে এলে সরকারের উচ্চ পর্যায়ের দৃষ্টিতে আসে।
“পরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাদের কাছে নির্দেশনা আসে হান্নানের এতিম মেয়ের লালন-পালনে খরচ বহনের, তারই অংশ হিসাবে আমরা এসেছি তাদের খোঁজ খবর নিচ্ছি, প্রাথমিকভাবে কিছু সহযোগিতাও করা হয়েছে।” তাৎক্ষণিকভাবে ওই শিশুর দাদা দাদির হাতে খেলনা, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দেন তিনি।
এ সময় বোয়ালমারী উপজেলা প্রকল্প কর্মকর্তা মানষ বোস ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সেখানে উপস্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ওই শিশুকে নিয়মিত সহযোগিতা প্রদানের ব্যবস্থা করার আশ্বাস দেন।