
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১০ আগস্ট ২০২৬ | প্রিন্ট | ১১ বার পঠিত | পড়ুন মিনিটে

প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত, কষ্টার্জিত অর্থের সুরক্ষা এবং দেশে আর্থিক লেনদেন সহজ করতে ডিজিটাল প্রবাসী কার্ড চালু করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।
আজ (সোমবার, ১০ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদেশে অবস্থানরত ও অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশি নাগরিকদের জন্য মন্ত্রণালয় ও জনতা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আজ প্রবাসী কার্ড চালুর মাধ্যমে আমরা একটি ঐতিহাসিক ও যুগান্তকারী ঘটনার সাক্ষী হতে যাচ্ছি। দেশের অর্থনীতিকে সচল রাখতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে প্রবাসী বাংলাদেশিদের অবদান সর্বাগ্রে। তাদের জীবনের সার্বিক সুরক্ষা, কষ্টার্জিত অর্থের নিরাপত্তা এবং দেশে লেনদেন প্রক্রিয়া সহজ করতেই এ ডিজিটাল প্রবাসী কার্ড প্রবর্তন করা হচ্ছে।’
তিনি বলেন, ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের আর্থিক লেনদেন সহজ করা, তাদের ব্যাংকিং সেবার আওতায় আনা এবং বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হয়েছে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের অনন্য অবদানকে সম্মান জানিয়ে যুগোপযোগী সেবা নিশ্চিত করার জন্য জনতা ব্যাংক পিএলসি কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আশা করি, প্রবাসী কার্ডের মাধ্যমে প্রবাসীরা সরাসরি ব্যাংকিং চ্যানেলে দ্রুত ও নিরাপদ লেনদেনের পাশাপাশি সরকারি বিভিন্ন সুবিধা আরও সহজে ভোগ করতে পারবেন।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ বলেন, ‘সরকারের সময়বদ্ধ সুনির্দিষ্ট পরিকল্পনা ও রোডম্যাপ অনুযায়ী কার্যক্রম এগিয়ে চলছে। প্রবাসীদের কল্যাণ ও তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য নেয়া প্রতিটি সিদ্ধান্ত নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি বলেন, ‘আজকের এই সমঝোতা স্মারক স্বাক্ষর তারই একটি সুনির্দিষ্ট প্রতিফলন।’
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষে সচিব মো. মোখতার আহমেদ এবং জনতা ব্যাংক পিএলসির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনতা ব্যাংক পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
