
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট | ১১ বার পঠিত | পড়ুন মিনিটে

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে ফটিকছড়িস্থ মাইজভাণ্ডার দরবারে পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত হয়েছে। গতকাল বুধবার মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)-এর আয়োজন ও ব্যবস্থাপনায় দিনটি উপলক্ষে খতমে কোরআন, খতমে বোখারী, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল (সা.) এবং বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
স্বাগত বক্তব্য দেন, মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)-এর ম্যানেজিং ট্রাস্টি শাহ সুফি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। প্রধান বক্তা ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চেয়ারম্যান আল্লামা কাজী মুঈনুদ্দীন আশরাফী। অতিথি ছিলেন খান এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দুল হক খান, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, শাহজাদা সৈয়দ এরহাম হোসাইন ও শাহজাদা সৈয়দ মানাওয়ার হোসাইন।
আলোচনা সভায় দেশের ৫০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপক, মুহাদ্দিস, মুফাসসির ও ফকিহসহ বিশিষ্ট আলেমগণ এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। শেষে গাউছুল আজম মাইজভাণ্ডারীর আদর্শ ও ত্বরিকাবাহী ম্যাগাজিন ‘জ্ঞানের আলো’–এর নিয়মিত লেখকদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন আওলাদে রাসুল সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম হযরত মাওলানা শাহ্ সুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)।
