
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট | ৮ বার পঠিত | পড়ুন মিনিটে

ঝিনাইদহের মহেশপুরে পঞ্চম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীকে (১২) যৌন হয়রানির অভিযোগে রবিউল ইসলাম রবুবল (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (বুধবার, ১২ আগস্ট) রাতে মহেশপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার রবিউল ইসলাম মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের হুদা শ্রীরামপুর গ্রামের রমজান আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই শিক্ষার্থী স্থানীয় একটি মুদিদোকান থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বাদীর বসতবাড়ির পেছনে কামরাঙ্গা গাছের নিচে পৌঁছালে ওত পেতে থাকা রবিউল তাকে একা পেয়ে যৌন হয়রানি করেন। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।
এ ঘটনায় ভিকটিমের চাচা সুজন হোসেন বাদী হয়ে মহেশপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে গতকাল নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়। মামলাটির তদন্তভার দেয়া হয় উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাককে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মককর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত রবিউলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পুলিশ রেকর্ড (পিসিপিআর) যাচাই করে দেখা গেছে, ২০১৬ সালেও তাঁর বিরুদ্ধে মহেশপুর থানায় মারামারি ও হামলার অভিযোগে একটি ফৌজদারি মামলা হয়েছিল।
ওসি আরও জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
