
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট | ১৪ বার পঠিত | পড়ুন মিনিটে

দীর্ঘ ৩৫ বছর পর আজ ২০ আগস্ট, বৃহস্পতিবার বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ১৯৯১ সালে দেশে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর সে বছরই শেষবার রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট হয়েছিল। এরপর পরবর্তী সাতজন রাষ্ট্রপতিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় আর কোনো ভোটের প্রয়োজন পড়েনি। এবার একাধিক প্রার্থী থাকায় জাতীয় সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি বেছে নেওয়া হচ্ছে।
এই নির্বাচনের প্রার্থী মোট দুজন। ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।
সংসদে বর্তমান আসন বিন্যাসের কারণে নির্বাচনের ফলাফল কার্যত নির্ধারিত। ৩০০টি সাধারণ আসনের মধ্যে একটি শূন্য রয়েছে।
এককভাবে বিএনপির আসন সংখ্যা (২৪৭টি) জয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে অনেক বেশি হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত।
রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে গতকাল (বুধবার, ১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘এবারের নির্বাচন ‘‘ঐতিহাসিক’’।’ তার ভাষায়, ‘মেয়াদ শেষ হওয়ার আগেই একজন রাষ্ট্রপতির পদত্যাগ এবং দীর্ঘ সময় পর প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হওয়ায় এই নির্বাচনকে ঘিরে সবার আগ্রহ তৈরি হয়েছে।’
সিইসি বলেন, ‘১৯৯১ সালের পর প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে আর কোনো রাষ্ট্রপতি নির্বাচন হয়নি। দীর্ঘ সময় পর নির্বাচন হওয়ায় প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতার কিছুটা ঘাটতি থাকলেও, প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছি। আমাদের ভোটার সংখ্যা হচ্ছে ৩৪৯ জন। ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট হবে। এখানে আমাদের রাষ্ট্রপতি (ভারপ্রাপ্ত) একজন ভোটার, প্রধানমন্ত্রী ভোটার, স্পিকার ভোটার, তেমনি বিরোধীদলের নেতাও ভোটার।’
নাসির উদ্দিন বলেন, নির্বাচনে প্রথমে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার ও বিরোধীদলীয় নেতা ভোট দেবেন এবং এটি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে। তারপর ৫টার সময় ভোট গণনা শুরু করলে আবারও সরাসরি সম্প্রচার হবে। সংসদ সদস্যরা যেহেতু ভোটার, ভোট দিয়েই চলে যাবেন এমন না, তারা উপস্থিত থাকতে পারবেন। এমনকি তারা ভোট গণনার সময়ও থাকতে পারবেন। এটা খুব স্বচ্ছ প্রক্রিয়ায় হবে। সুতরাং এখানে কারও কোনো আপত্তি থাকার কথা নয়।’
