
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | প্রিন্ট | ৮ বার পঠিত | পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের মন্টগোমারি কাউন্টিতে ইন্টারস্টেট ২৭০ মহাসড়কে উল্টো পথে আসা একটি গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা ও মেয়ে নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এ দুর্ঘটনায় অভিযুক্ত গাড়ি চালকের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।
নিহতরা হলেন;মুসাম্মাত শামীমা বেগম (৪৬) ও তার মেয়ে (২৩) আরিবা জাহিদ। তারা ভার্জিনিয়ার বারক ও আলেকজান্দ্রিয়া এলাকার বাসিন্দা ছিলেন।
মেরিল্যান্ড স্টেট পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বেথেসডার কাছে ডেমোক্রেসি বুলেভার্ডের দক্ষিণে ইন্টারস্টেট ২৭০-এর দক্ষিণমুখী লেনে দুই গাড়ির সংঘর্ষের খবর পায় পুলিশ। খবর পেয়ে রকভিল ব্যারাকের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, জার্মানটাউনের বাসিন্দা হোসে কাবায়েরো (৩২) নোলাসকো একটি ফোর্ড মুস্তাং চালিয়ে ইন্টারস্টেট ২৭০-এর উত্তরমুখী লেন থেকে ভুল করে দক্ষিণমুখী লেনে ঢুকে পড়েন। এরপর বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্যামরির সঙ্গে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
ক্যামরিতে শামীমা বেগম ও আরিবা জাহিদ যাত্রী হিসেবে ছিলেন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
টয়োটা ক্যামরির ৬২ বছর বয়সী পুরুষ চালক এবং গাড়িতে থাকা ৮ বছর বয়সী এক শিশুকে আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। তাদের শারীরিক অবস্থার বিষয়ে পুলিশ বিস্তারিত জানায়নি।
এদিকে ফোর্ড মুস্তাংয়ের চালক নোলাসকোও দুর্ঘটনায় আহত হন। তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়ার পর তাকে মন্টগোমারি কাউন্টি ডিটেনশন সেন্টারে নেয়া হয়েছে। আদালতের কমিশনারের সামনে হাজিরার অপেক্ষায় রয়েছেন তিনি।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পেছনে চালকের অ্যালকোহল বা অন্য কোনো কারণ থাকতে পারে।
নোলাসকোর বিরুদ্ধে দুইটি গ্রস নেগলিজেন্ট ম্যানস্লটার, অ্যালকোহলের প্রভাবে গাড়ি চালিয়ে মৃত্যুর ঘটনায় দুইটি হোমিসাইড বাই মোটর ভেহিকেল এবং প্রাণঘাতী আঘাতের ঘটনায় একটি লাইফ-থ্রেটেনিং ইনজুরি বাই মোটর ভেহিকেল অভিযোগ আনা হয়েছে।
দুর্ঘটনার তদন্তের জন্য ইন্টারস্টেট ২৭০-এর দক্ষিণমুখী লেনগুলো প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ রাখা হয়। মেরিল্যান্ড স্টেট পুলিশের ক্র্যাশ টিম দুর্ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।
