শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

টার্মিনাল ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টার্মিনাল ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর সিদ্ধান্ত

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।  এ সংক্রান্ত জরুরি সভা গতকাল (মঙ্গলবার) নগরভবনে ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালামের সভাপতিত্বে নগর ভবনে অনুষ্ঠিত হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীদের ভোগান্তি নিরসন এবং যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে ডিএসসিসির পক্ষ থেকে টার্মিনাল ব্যবস্থাপনা আধুনিকায়ন, অবৈধ কাউন্টার উচ্ছেদ এবং অবকাঠামোগত উন্নয়নে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। সমন্বিত এ সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা সড়ক পরিবহন বাস মালিক সমিতি, সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল পরিবহন মালিক সমিতি ও সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল পরিবহন শ্রমিক কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালসহ এর আশপাশের এলাকার যানজট নিরসনে গৃহীত উল্লেখযোগ্য পদক্ষেপ ও সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে—

অবৈধ কাউন্টার ও দোকান উচ্ছেদ: সায়েদাবাদ ব্রিজের ঢাল থেকে টিটি পাড়া পর্যন্ত সড়ক পার্শ্বস্থ সকল অবৈধ টিকেট কাউন্টার সময় নির্ধারণপূর্বক নোটিশ প্রদান করে অপসারণ করা হবে। এ ছাড়া টার্মিনালের অভ্যন্তরে থাকা সকল অবৈধ দোকান উচ্ছেদে দ্রুত অভিযান পরিচালনা করা হবে।

নিয়মতান্ত্রিক কাউন্টার বরাদ্দ: টার্মিনালের অভ্যন্তরে প্রকৃত বাস কোম্পানিগুলোর অনুকূলে সুনির্দিষ্ট নীতিমালার আলোকে টিকেট কাউন্টার বরাদ্দ দেওয়া হবে। বাস মালিক সমিতি, ডিএসসিসি ও পুলিশের ট্রাফিক সমন্বিতভাবে কাউন্টার বরাদ্দে কাজ করবে।

টার্মিনাল ও বাস-বে ব্যবহার নিশ্চিতকরণ: বাসগুলোকে ডিপো হিসেবে টার্মিনাল ব্যবহার না করে নির্ধারিত ৫টি বাস-বে ব্যবহার করতে হবে। যাত্রী উঠানোর জন্য বাসগুলো মাত্র ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করতে পারবে।

যাত্রী সেবা ও অবকাঠামো উন্নয়ন: যাত্রীদের সুবিধার্থে টার্মিনালে নতুন তথ্য কেন্দ্র এবং মাতৃদুগ্ধ পান করানোর কক্ষ স্থাপন করা হবে। ঈদযাত্রার পূর্বে টার্মিনালের অসমাপ্ত সংস্কার কাজ, শৌচাগার মেরামত এবং জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

অতিরিক্ত ভাড়া আদায় রোধ: ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী সমাগম বৃদ্ধির সুযোগে কোনো পরিবহন যাতে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা আদায় করতে না পারে, সে বিষয়ে পরিবহন মালিক সমিতিকে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

যানজট নিরসন ও পরিত্যক্ত বাস জব্দ: টার্মিনালের অভ্যন্তরে দীর্ঘকাল ধরে পড়ে থাকা পরিত্যক্ত বাসগুলো জব্দ করে অপসারণের জন্য ট্রাফিক বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে, যা মূল সড়কের যানজট কমাতে সহায়তা করবে।

সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে ও দীর্ঘমেয়াদি যানজট নিরসনে সিটি কর্পোরেশন, পুলিশ, বাস মালিক ও শ্রমিকরা আমরা একসাথে কাজ করবো। যাত্রীদের স্বস্তি দেওয়ার জন্য সমন্বিত সিদ্ধান্তগুলো যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে।

এ ছাড়া নতুন ডিএসসিসি প্রশাসকের সভাপতিত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালনা কমিটির দ্বাদশ কর্পোরেশন সভা আজ নগর ভবনে অনুষ্ঠিত হয়েছে। বোর্ড সভার সদস্যবৃন্দ প্রশাসককে শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ বাস্তবায়নে প্রশাসক দৃঢ় ভূমিকা পালন করবেন।

প.ব.ম

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us
সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়