
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট | ১৯ বার পঠিত | পড়ুন মিনিটে

আগামীকাল বুধবার (৫ আগস্ট, ২০২৬) সকাল ৯টায় গণভবনে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
মন্ত্রী জানান, সকাল ৯টায় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে জুলাই জাদুঘর জুলাই স্মৃতি জাদুঘরের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এর ফলক উন্মোচন শেষে একটি আলোচনা সভা আছে। এতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
তিনি আরও জানান, উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করবেন। একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদ্বোধনের পর প্রথম দিন জাদুঘরটি শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে।বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে পারবেন।
জুলাই জাদুঘর প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমাদের জাদুঘর পরিচালনার একটা পর্ষদ আছে। সেখানে আমরা এই বিষয়টা নিয়ে আলাপ-আলোচনা করে আমরা একটা তদন্ত কমিটি করে দেবো। দুর্নীতির কোনও কিছু আছে কিনা, থাকলে একজনকে অভিযোগ দিতে হবে… সেই অভিযোগটার ওপরে তদন্ত হয় এবং তদন্ত কমিটি হয়। আর মন্ত্রণালয়ে যদি কারো অভিযোগ থাকে বা তদন্ত থাকে, সেটা আমরা আভ্যন্তরীণ একটা তদন্ত করতে পারি। কিন্তু আইনগত তদন্ত অভিযোগ থাকতে হবে। তাহলে আমরা দুদকে দেবো, ক্রিমিনাল অফেন্স আমরা ক্রিমিনাল কেসে দেবো।’
সাধারণ দর্শকদের জন্য টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এটি খোলা থাকবে। দর্শকদের অনলাইনে অগ্রিম টিকিট সংগ্রহ করে আসতে হবে।
