
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৮ বার পঠিত | পড়ুন মিনিটে

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা প্রমাণ করে আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়। এই হামলা প্রমাণ করে বাঁধন সঠিক পথে ছিলেন। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, ‘ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপিল করার সুযোগ নেই এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে।’ ভারত শেখ হাসিনার মুখ বন্ধ রাখলে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন হতো বলেও জানান তথ্য উপদেষ্টা।
বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, এই ঘটনায় তা আবার প্রমাণিত।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ কি বস্তু, কারা করে, আওয়ামী লীগ কি–এ বিষয়টি আজমেরী হক বাঁধনের ওপর হামলাকারীরা আবারও হাজির করেছে। আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করি না, এটি একটি মাফিয়া গ্যাং। আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না, কেউ কেউ এ আলাপ করার চেষ্টা করে। বাঁধনের সাথে যা হয়েছে, তা আবার বোঝালো, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করে কোনোভাবে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া উচিত হবে কিনা। আওয়ামী লীগ যা যা ঘটিয়েছে তার পরে ন্যূনতম দুঃখবোধ থাকলে, রাজনীতিতে ফিরে আসার ইচ্ছে থাকলে এ সহিংসতাগুলো করা হতো না। এ ব্যাপারে ওই দেশে আইনানুগ ব্যবস্থা যা নেওয়ার সরকার তার প্রসেস শুরু হয়েছে। এ ঘটনাকে ছেড়ে দেব না, কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না।’
তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘আওয়ামী লীগের হামলার শিকার হওয়া প্রমাণ করে বাঁধন সঠিক পথে ছিলেন।’ নতুন করে বোয়িং কেনা নিয়ে প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ‘এর ফলে অর্থনীতিতে তাৎক্ষণিক চাপ পড়বে না।’
বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নতুন করে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা কতটা প্রয়োজন–এমন প্রশ্নের জবাবে এই উপদেষ্টা বলেন, প্রয়োজনে এয়ারবাসও কেনা হবে।
এ ছাড়া তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘চায়নার সাথে সমুদ্রে ভাসমান এলএনজি টার্মিনালের চুক্তি হয়েছে। আগামী দেড় বছরের মধ্যে এর কার্যক্রম শুরু হবে।’
