
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ২ বার পঠিত | পড়ুন মিনিটে

লালমনিরহাট সীমান্তে বাঘের আক্রমণে তিনজন আহত হয়েছেন। এদিকে এ পরিস্থিতিতে বিজিবি ও বন বিভাগ উদ্ধার কার্যক্রম চালিয়েছে।
গতকাল রোববার বিকেল ৫টার লালমনিরহাটের সীমান্ত পিলার ৯০৫/১১-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর আমঝোল এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় বাঘের আক্রমণে তিনজন আহত হন।
লালমনিরহাটের বিজিবি ব্যাটালিয়ন-১৫ জানায়, স্থানীয় বাসিন্দা শরিফা বেগম (৩০) তাঁর হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে ধানখেতের পাশের এলাকায় গেলে একটি বাঘ আকস্মিকভাবে তাঁকে আক্রমণ করে। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন তাঁকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে বাঘটির আক্রমণে আরও দুজন আহত হন।
ঘটনার সংবাদ পাওয়ামাত্র বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনসাধারণের নিরাপত্তার স্বার্থে ফাঁকা গুলি ছোড়ে। এতে বাঘটি ঘটনাস্থল ত্যাগ করে পার্শ্ববর্তী জঙ্গলে আশ্রয় নেয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। বাঘটিকে নিরাপদে উদ্ধার এবং পুনরায় লোকালয়ে প্রবেশের ঝুঁকি এড়াতে তিনি জেলা প্রশাসনের মাধ্যমে লালমনিরহাট বন বিভাগকে বিষয়টি অবহিত করেন।
এর পরিপ্রেক্ষিতে বন বিভাগের সংশ্লিষ্ট সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাঘটিকে নিরাপদে উদ্ধারের কার্যক্রম পরিচালনা করছেন। বিজিবি সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় অব্যাহত রেখেছে।
