
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৭ বার পঠিত | পড়ুন মিনিটে

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ। জ্বালানি ও বিদ্যুৎ সংকট, জুলাই জাতীয় সনদ, সংবিধান সংশোধন না সংস্কার ইস্যু, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি- এই পাঁচ ইস্যুতে প্রথম দিন থেকেই উত্তপ্ত হয়ে উঠতে পারে এ অধিবেশন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথম দিনেই পয়েন্ট অব অর্ডারে সরকারের দিকে তীর ছুড়বে জামায়াতের নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট। অন্যদিকে, সংসদের ভিতরে ও বাইরে বিরোধী শিবিরের রাজনৈতিক কৌশলের ভুলত্রুটিগুলো আঙুল দিয়ে দেখিয়ে দিতে পাল্টা কৌশল নিয়েছে সরকারি দল। সরকারি ও বিরোধীদলীয় জোটের একাধিক নেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হতে হবে। এ অধিবেশনটি মূলত সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার অধিবেশন। গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে আজ বিকাল সাড়ে ৩টায় এ অধিবেশন আহ্বান করেছেন। অধিবেশনে পাঁচ থেকে ছয়টা বিল আসতে পারে। আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায় এ অধিবেশন সংক্ষিপ্ত করা হচ্ছে।
বিরোধীদলীয় জোটের নেতারা বাংলাদেশ প্রতিদিনকে জানান, দেশজুড়ে লোডশেডিং এবং জ্বালানি সংকটের কারণে জনদুর্ভোগের বিষয়টি সংসদে জোরালোভাবে তুলবে তারা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন দাম এবং বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতাকে মূল এজেন্ডা করা হচ্ছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও কয়েকটি মন্ত্রণালয়ের ব্যর্থতাকে ইস্যু করা হবে বলে জানান তারা। এর বাইরে জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংশোধন না সংস্কার এ ইস্যু নিয়ে সরব ভূমিকা পালন করবেন বিরোধীদলীয় জোটের নেতারা।
সিরাজগঞ্জ-৪ আসনের এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা ছায়া সরকার গঠন করেছি। মন্ত্রণালয়ের কাজগুলো নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। এরই আলোকে সংসদ অধিবেশনে বেশ কিছু ইস্যুতে সরকারের কাছে জবাবদিহি চাওয়া হবে। কারণ বিরোধী দলের কাজই সরকারের গঠনমূলক সমালোচনা করা। আমরা এরই মধ্যে সে প্রস্তুতি নিয়েছি।
এদিকে বিরোধী দলের এ আক্রমণের বিপরীতে রক্ষণাত্মক নয়, বরং শুরু থেকেই আক্রমণাত্মক ভূমিকায় থাকবে সরকারি দল। বিরোধী শিবিরের আন্দোলনের ধরন এবং মাঠের রাজনীতির ব্যর্থতাগুলোকে সংসদের আলোচনায় সামনে আনবেন ট্রেজারি বেঞ্চের সদস্যরা। সরকারি দলের কৌশলের মধ্যে রয়েছে- বিরোধী দল কেন সাধারণ জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করতে পারছে না, সেই সাংগঠনিক দুর্বলতা ও রাজনৈতিক ভুলের ব্যবচ্ছেদ করা হবে সংসদ অধিবেশনে। বিরোধী দলের উসকানিমূলক রাজনৈতিক কর্মসূচির অতীত ও বর্তমান রেকর্ড টেনে তাদের কঠোর সমালোচনা করা হবে। পাশাপাশি সংকটের মধ্যেও মেগা প্রকল্পগুলোর অগ্রগতি এবং বৈশ্বিক মন্দার মাঝে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার সাফল্য তুলে ধরা হবে।সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দুই জোটের সরব অংশগ্রহণে সংক্ষিপ্ত এই অধিবেশন ফলপ্রসূ হবে বলে মনে করি। সরকার অনেক ধরনের সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিচ্ছে-এসব তথ্য সংসদে তুলে ধরা হবে। বিরোধীদলীয় জোট যেসব বিষয়ে সমালোচনা করবে তা তথ্য ও যুক্তি দিয়ে মোকাবিলা করা হবে। তাদের সমালোচনাকে আমরা সাধুবাদ জানাই। তবে অবশ্যই তা হতে হবে গঠনমূলক ও তথ্যবহুল।
বিরোধী জোটের অন্যতম ইস্যু সংবিধান সংশোধন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, এ বিষয়ে আমাদের অবস্থান একেবারে স্পষ্ট। তাদেরকে অতীতেও সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটিতে আসার আহ্বান জানিয়েছি। এখনো জানাচ্ছি। এ নিয়ে পথ খোলা রয়েছে। তাই বল এখন তাদের কোর্টে।
সংসদীয় বিশ্লেষকদের মতে, ত্রয়োদশ সংসদের এই অধিবেশনে একদিকে যেমন জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিতর্ক স্থান পাবে, ঠিক তেমনি দুই পক্ষের রাজনৈতিক বাগযুদ্ধে উত্তাপ ছড়াবে সংসদের পুরো লবি ও মূল অধিবেশন কক্ষ।
সংসদ চলবে ১৮ নভেম্বর পর্যন্ত
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। গতকাল স্পিকারের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে অংশগ্রহণ করেন। এ ছাড়া বৈঠকে কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অংশগ্রহণ করেন। সংসদ সচিবালয় জানিয়েছে, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকাল ৪টা ২০ মিনিটে অধিবেশন শুরু হবে। অধিবেশনে উত্থাপনের জন্য সরকারি বিল ১টি পাওয়া গেছে। এ ছাড়া ৩টি অধ্যাদেশ অধিবেশনের প্রথম বৈঠকে উপস্থাপিত হবে। অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি ও অন্যান্য মন্ত্রীদের জন্য ৩৫৭৭টি প্রশ্নসহ মোট ৩৭৫১টি প্রশ্ন পাওয়া গেছে। এদিকে আজ বিকাল সাড়ে ৩টায় গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে সাউন্ড সিস্টেম উদ্বোধন করা হবে বলে প্রধানমন্ত্রীকে জানানো হয়। সংসদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রী জানতে চাইলে সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ডেপুটি স্পিকার জানান, সৌর বিদ্যুতের মাধ্যমে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে যা অধিবেশন চলাকালীন (প্রায় ৬ মেগাওয়াট, অন্য সময় আরও কম) বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি অবশিষ্ট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। প্রধানমন্ত্রী বিদ্যুৎ সংরক্ষণাগারের সুবিধা রেখে সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশনা দেন। সূত্র: বাংলাদেশ প্রতিদিন
