
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৫ বার পঠিত | পড়ুন মিনিটে

রাজশাহীর বাগমারায় অনুমোদনহীনভাবে সার বিক্রির দায়ে সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার তাহেরপুর পৌর এলাকার বিশুপাড়া মহল্লায় এ অভিযান চালিয়ে তাকে জরিমানা করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়। পরে জব্দ করা সার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করে সেই টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম একই এলাকার বাসিন্দা।
জানা গেছে, অনুমোদন ছাড়া সার বিক্রির অভিযোগে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(২) ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার মিজানুর রহমান। এ সময় আইন লঙ্ঘনের দায়ে ব্যবসায়ী সাইফুল ইসলামকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানকালে তার কাছ থেকে ১০ বস্তা ডিএপি, ২ বস্তা ইউরিয়া এবং ২ বস্তা এমওপি সার জব্দ করা হয়। জব্দ করা সার অতিরিক্ত কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়। পরে নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে এসব সার বিক্রি করা হয় এবং বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জনস্বার্থে এবং সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অনুমোদনহীন সার বিক্রি ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
