
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৫ বার পঠিত | পড়ুন মিনিটে

সাতক্ষীরায় বাসের ধাক্কায় আব্দুল খালেক নামে এক বৃদ্ধ নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর লংমার্চ থেকে ফেরত আসা অপর একটি বাস সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা জামায়াত-শিবিরের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
গতকাল (শনিবার, ৩১ অক্টোবর) রাত ৯টার দিকে পাটকেলঘাটায় কুমিরা ইউনিয়নের মির্জাপুর বাজারসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুল খালেক নামে ওই বৃদ্ধ নিহত হন। তিনি পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের কাশেডাঙ্গা গ্রামের বাসিন্দা।
তিনি আরও জানান, একই সময় খুলনা থেকে ছেড়ে আসা লংমার্চফেরত বাসটি দুর্ঘটনার শিকার বাসের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা জামায়াতের ২০ নেতাকর্মী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল।
