মঙ্গলবার ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Advertise with us

ঈদযাত্রায় ভোগাবে কুমিল্লা-সিলেট মহাসড়ক

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদযাত্রায় ভোগাবে কুমিল্লা-সিলেট মহাসড়ক

আসন্ন ঈদ সামনে রেখে এবারও কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লা অংশে যাত্রীদের ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে সড়ক সংস্কারকাজ, বাজার এলাকায় অব্যবস্থাপনা ও পর্যাপ্ত পুলিশি তৎপরতার অভাবের কারণে ঈদের সময় যানজট বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ, দেবীদ্বার সদর এবং বুড়িচং উপজেলার কংশনগর বাজারসহ অন্তত ১০টি স্থানে যানজটের শঙ্কা রয়েছে। দুই লেনের এই মহাসড়কের কয়েকটি ব্যস্ত এলাকায় এক লেন বন্ধ রেখে সংস্কারকাজ চলছে। এর মধ্যে কংশনগর বাজার ও দেবীদ্বার বাজার এলাকায় কাজ চলায় যানবাহন এক লেন দিয়ে চলাচল করছে। এতে সাধারণ দিনেই যাত্রীদের দীর্ঘ সময় আটকে থাকতে হচ্ছে।

সরেজমিনে কংশনগর, দেবীদ্বার ও কোম্পানীগঞ্জ এলাকায় গিয়ে দেখা যায়, বাজারের ওপরেই গড়ে উঠেছে অস্থায়ী স্ট্যান্ড। অনেক স্থানে রাস্তার ওপরই যাত্রী ওঠানামা করছে। পাশাপাশি অবৈধ স্থাপনা ও বাজারের কারণে সড়ক সরু হয়ে গেছে। এসব কারণে প্রতিদিনই যানজট তৈরি হচ্ছে।

সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী, কুমিল্লার ময়নামতি থেকে ব্রাহ্মণবাড়িয়ার ধরখার পর্যন্ত কুমিল্ল-সিলেট মহাসড়কের দৈর্ঘ্য ৫৪ কিলোমিটার। চট্টগ্রাম থেকে কুমিল্লা হয়ে সিলেটে যাওয়ার এটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। এ পথে বিকল্প কোনো সরাসরি পথ নেই। তাই ঈদের সময় বাড়তি যানবাহনের চাপ পড়লে ব্যস্ততা আরও বাড়ে।

এই ৫৪ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে অন্তত ১০টি বড় বাজার রয়েছে। এর মধ্যে দেবীদ্বার ও কংশনগর বাজার এলাকায় সড়ক সংস্কারকাজ চলায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এ ছাড়া ময়নামতি, জাফরগঞ্জ বাজার ও কোম্পানীগঞ্জ এলাকাতেও প্রতিদিন যানজট দেখা যায়। ঈদের সময় যানবাহনের চাপ বাড়লে এসব জায়গায় থেমে থাকা যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনের সারি দীর্ঘ হয় মাইলের পর মাইল।

সিলেট থেকে চট্টগ্রামগামী কাভার্ড ভ্যানচালক আমিনুল ইসলাম বলেন, রাস্তার অবস্থা খারাপ। তার ওপর বাজারে বাজারে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড। কোথাও পুলিশ দেখা যায় না। প্রতিটি বাজার পার হতে অনেক সময় লাগে। ঈদের সময় এসব জায়গায় পুলিশ থাকা জরুরি।

কংশনগর এলাকার বাসিন্দা আবদুল কাশেম বলেন, কয়েক মাস ধরে এখানে রাস্তার কাজ চলছে। দিনে-রাতে যানবাহনের জটলা লেগেই থাকে। দুই পাশে পুলিশ থাকলে উল্টো পথে গাড়ি ঢুকে জট সৃষ্টি করতে পারত না।

মিরপুর হাইওয়ে থানার ওসি আখতারুজ্জামান বলেন, কোম্পানীগঞ্জ, দেবীদ্বার ও জাফরগঞ্জ বড় বাজার এলাকা। এখানে যানজট থাকেই। তবু ভোগান্তি কমাতে পুলিশ কাজ করছে।

সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান, চলমান সড়ক সংস্কারকাজ ঈদের ছুটির আগেই বন্ধ করা হবে। ঈদের পর আবার কাজ শুরু হবে।

হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান বলেন, ‘আমরা রেঞ্জ থেকে অতিরিক্ত ২০০ পুলিশ সদস্য পেয়েছি। ঈদের আগে তারা মাঠে থাকবে। যানজট নিরসন ও নিরাপত্তা নিশ্চিত করতে তারা কাজ করবেন।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us
সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়