
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১০৫ বার পঠিত | পড়ুন মিনিটে

দেশের চলমান গ্যাসসংকট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহায়তার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি জানান, আজ দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্ভূত জ্বালানিসংকট মোকাবিলায় তাদের সহযোগিতা কামনা করেন তিনি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, সংকট নিরসনে যা কিছু করার সুযোগ আছে দ্রুততম সময়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে তারেক রহমানকে অবহিত করবেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে দুর্ঘটনার কারণে কয়েকদিন ধরে আমদানি করা গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। সংকট নিরসনে মালয়েশিয়ার একটি কারিগরি বিশেষজ্ঞ দল কাজ করছে।’
অনিন্দ্য ইসলাম অমিত জানান, আগামী সপ্তাহের শুরুতেই দৈনিক ২৮০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পুনরায় চালু হওয়ার আশা করা হচ্ছে। এছাড়া, ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালটি আগামী দুই সপ্তাহের মধ্যে পুরোপুরি সচল হতে পারে বলেও জানান তিনি।
