
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৬ বার পঠিত | পড়ুন মিনিটে

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা আন্ডারপাসের ওপর মালবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, দক্ষিণবঙ্গ থেকে ঢাকাগামী গ্রীন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মালবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের তিন যাত্রী আহত হন।
খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলা, ট্রাফিক আইন অনুসরণ এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
