
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৬ জুলাই ২০২৬ | প্রিন্ট | ২৪ বার পঠিত | পড়ুন মিনিটে

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের ছয় বিভাগের বিভিন্ন স্থানে আগামী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে।
অন্যদিকে দেশের পাঁচ জেলায় আগামী কয়েক দিনের মধ্যে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)। বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির কিছু এলাকায় সৃষ্টি হতে পারে এই পরিস্থিতি। চট্টগ্রাম ও সিলেট বিভাগের উজান এবং অভ্যন্তরীণ নদনদীতে পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকায় এ শঙ্কা তৈরি হয়েছে।
গতকাল রোববার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলের সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। রোববার সন্ধ্যা পর্যন্ত এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫১০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫২০ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ভারী বৃষ্টির সতর্কবার্তায় বলা হয়েছে, রোববার দুপুর ১টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, মৌসুমি বায়ু অনেকটাই সক্রিয়, ফলে তাপমাত্রা কমতে শুরু করেছে। বৃষ্টিপাত বাড়লে তাপমাত্রা আরও কমতে পারে। ভারী বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে।
আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এবং আগামী ১২ থেকে ১৩ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
গতকাল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, দেশের সব প্রধান নদনদী এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে। এর আগে শনিবার দেশের ২২টি জেলায় তাপপ্রবাহ বয়ে গেলেও গতকাল কোথাও তাপপ্রবাহ ছিল না।
