
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১১ বার পঠিত | পড়ুন মিনিটে

দেশে প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে চালু হয়েছে বাংলা কিউআর। তিন মাসে এর ব্যবহার বেড়েছে সাড়ে তিন গুণ। সকালে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, ১ অক্টোবর থেকে ব্যবসায়ীরা কিউআর পেমেন্টের টাকা পাবেন সরাসরি ও তাৎক্ষণিকভাবে। এছাড়াও কমবে লেনদেন খরচ। আর ১ নভেম্বর শুরু হবে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন।
দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বাংলা কিউআর। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে চালুর পাশাপাশি, তিন মাসে এর ব্যবহার বেড়েছে প্রায় সাড়ে তিন গুণ। মোবাইল অ্যাপস ও কিউআর স্ক্যান করে দৈনিক গড়ে লেনদেন হচ্ছে প্রায় ১৪৩ কোটি টাকা।
বুধবার বাংলাদেশ ব্যাংক জানায়, ডিজিটাল লেনদেন সহজ ও সাশ্রয়ী করতে ১ অক্টোবর থেকে বাংলা কিউআর পেমেন্টের টাকা তাৎক্ষণিকভাবে সরাসরি পাবেন ব্যবসায়ীরা। পাশাপাশি মিনিমাম চার্জ তুলে দেয়ায় অনেক কমবে তাদের লেনদেন খরচ। দুই হাজার টাকা পর্যন্ত লেনদেনে মিলবে বিশেষ প্রণোদনাও।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘আমরা কিছু কিছু পদক্ষেপ নিয়েছি যেটা ১ অক্টোবর থেকে কার্যকর হবে। এরপর কিছু ১ নভেম্বর এবং আরও কিছু নভেম্বরের মাঝামাঝি বা বছরের শেষ নাগাদ চালু হবে। এগুলো যখন চালু হয়ে যাবে আশা করি বিগত তিন মাসে যে অগ্রগতি আমরা দেখতে পেলাম, আগামী তিন মাসে আরও বেশিগুন গতিসসম্পন্ন অগ্রগতি আমরা দেখতে পাব। ’
বাংলা কিউআরের পরিধি বাড়াতে ১ নভেম্বর চালু হচ্ছে ব্যক্তি পর্যায়ে লেনদেন। অর্থাৎ, একজন গ্রাহক অন্য গ্রাহককে সরাসরি টাকা পাঠাতে পারবেন। বাংলা কিউআর বাস্তবায়নে কেউ বাধা দিলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘কেউ চাইলে রেস্টুরেন্টে খেয়ে বেয়ারাকে টিপস পর্যন্ত দিতে পারবেন এই বাংলা কিউআর ব্যবহার করে।’
এছাড়া, বাংলা কিউআর লেনদেনের বিরোধ ৩০ মিনিটের মধ্যে নিষ্পত্তির বিধান বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানায় বাংলাদেশ ব্যাংক।
