
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৯ বার পঠিত | পড়ুন মিনিটে

টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান প্রামাণিক (২২) মধুপুর পৌরসভার নয়াপাড়া এলাকার বাদশা প্রামাণিকের ছেলে ও পৌর ছাত্রদলের সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে শ্বশুরবাড়ি কুড়ালিয়া থেকে মোটরসাইকেল চালিয়ে মধুপুরে ফিরছিলেন মিজান। পথে ইউএনওর বাসভবনের সামনের সড়কের একটি উঁচু অংশে (স্পিড ব্রেকার) ধাক্কা লেগে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন। এতে তার মাথার এক পাশে গুরুতর আঘাত লাগে। পরে তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে রোববার (১১ অক্টোবর) বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মিজানকে দাফন করা হয়।
এদিকে মিজানের মৃত্যুতে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন গভীর শোক প্রকাশ করেছেন।
এ ছাড়া মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিনসহ উপজেলা ও পৌর ছাত্রদলের নেতারা শোক প্রকাশ করেছেন। পাশাপাশি তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন
