
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৫ বার পঠিত | পড়ুন মিনিটে

পোশাকশ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভাটি স্থগিত করা হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় শ্রম ভবনে সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সকালেই জানানো হয়, ‘অনিবার্য’ কারণে সভাটি স্থগিত করা হয়েছে। শিগগিরই সভার নতুন তারিখ নির্ধারণ করবে মজুরি বোর্ড।
জানা গেছে, স্থায়ী বোর্ড সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে ছাড়া সভা করতে যাচ্ছে না বোর্ড। আজকের সভায় মালিকপক্ষের প্রতিনিধিদের বেতন কাঠামোর প্রস্তাব পেশ করার কথা ছিল।
পোশাকশিল্পের শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করে আসছিলেন। ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে শ্রম মন্ত্রণালয়। গত সোমবার অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় বৈঠকে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন শ্রমিকপক্ষের প্রতিনিধিরা।
এদিকে, শিল্পের সক্ষমতা বিবেচনায় নিয়ে প্রস্তাবনা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছিলেন উদ্যোক্তারা।
পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে, যা কার্যকর হয় পরের মাসে। সে হিসাবে পোশাক খাতের বর্তমান নিম্নতম মজুরির মেয়াদ শেষ হবে চলতি নভেম্বরে। ২০২৩ সালে ন্যূনতম মজুরি ৮ হাজার থেকে বাড়িয়ে সাড়ে ১২ হাজার টাকা করা হয়। এক্ষেত্রে মজুরি বেড়েছিল ৫৬ শতাংশ।
