
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৩ বার পঠিত | পড়ুন মিনিটে

৬১ বছর পেরিয়ে ৬২ বছর বয়সে পা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৬৫ সালের ২০ নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, বিতর্ক, মামলা, নির্বাসিত জীবন এবং দলীয় নেতৃত্বের কঠিন সময় পার করে চলতি বছর প্রধানমন্ত্রী হন তিনি।
নির্বাসিত জীবন থেকে প্রধানমন্ত্রী
এক সময় তারেক রহমানকে দেশের রাজনীতি থেকে দূরে থাকতে হয়েছিল, দীর্ঘ ১৭ বছর কেটেছে নির্বাসনে। সেই জায়গা থেকে তিনি এখন দেশের প্রধানমন্ত্রী।
তারেক রহমানের রাজনৈতিক পথচলার শুরু একটি ঐতিহাসিক রাজনৈতিক পরিবারে। তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি। মা বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য লড়াই- সংগ্রাম করেছেন এবং তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ফলে শৈশব থেকেই রাজনীতি, রাষ্ট্র পরিচালনা ও গণতান্ত্রিক আন্দোলনের নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে বেড়ে ওঠেন তারেক রহমান।
তবে পারিবারিক পরিচয়কে রাজনৈতিক অবস্থান তৈরির একমাত্র ভিত্তি করেননি তারেক রহমান। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্য হওয়ার মধ্য দিয়ে তার আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু হয়। ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন। তৃণমূল পর্যায়ে কাজ করার মধ্য দিয়ে ধীরে ধীরে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেন।
১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচন ছিল তার রাজনৈতিক দক্ষতা প্রকাশের প্রথম গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর একটি। ওই নির্বাচনে মা বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। বিএনপির জাতীয় নির্বাচনী কমিটির সদস্য হিসেবে খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচটি আসনের প্রচার কার্যক্রম সমন্বয় করেন। পাঁচটি আসনেই খালেদা জিয়ার বিজয় তার সাংগঠনিক দক্ষতার পরিচয় দেয়।
২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা, তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় করা এবং নির্বাচনী কৌশল বাস্তবায়নে তিনি কাজ করেন। ওই নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। দলের সাংগঠনিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে ২০০২ সালে তাকে সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেয়া হয়। দায়িত্ব পেয়ে দলকে সুসংগঠিত করতে ছুটে যান সারা দেশে। তৃণমূল প্রতিনিধি সভার আয়োজন করে সারাদেশে দলকে সুসংগঠিত করেন তিনি। দেশের আপামর জনগণের কাছে “আরেক জিয়া” হিসেবে সমাদৃত হন।
তার রাজনৈতিক উত্থানের পথ খুব দ্রুতই কঠিন হয়ে ওঠে। ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। কারাবন্দি অবস্থায় নির্মম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। নির্যাতনে তার মেরুদণ্ডে গুরুতর আঘাতসহ নানা স্বাস্থ্যগত জটিলতা দেখা দেয়। পরবর্তী সময়ে চিকিৎসার জন্য তাকে লন্ডনে যেতে হয়।
চিকিৎসার জন্য দেশত্যাগের সেই যাত্রাই শেষ পর্যন্ত দীর্ঘ নির্বাসিত জীবনে পরিণত হয়। প্রায় ১৭ বছর দেশের বাইরে থাকতে হয় তাকে। দেশ থেকে দূরে থাকলেও বাংলাদেশের রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেননি। লন্ডনে অবস্থান করেই দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ, সাংগঠনিক ঐক্য বজায় রাখা এবং দলের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পালন করেছেন। লন্ডন থেকে দিনে ১৬ ঘন্টা পর্যন্ত দলের নেতাকর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করেন।
স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের প্রায় ১৬ বছরের শাসনামলে বিএনপিকে নানা রাজনৈতিক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। দলের নেতাকর্মীদের বিরুদ্ধে গুম, খুন, অপহরণ মিথ্যা মামলা, হামলা, গ্রেপ্তার এবং রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেয়া হয়। তারেক রহমান নিজেও বহু মামলার মুখোমুখি হন। তারেক রহমানের বক্তব্য সংবাদমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়। আদালতকে প্রভাবিত করে ফরমায়েসী রায়ের মাধ্যমে একের পর এক সাজা দেয়া হয়।
এই সংকটের মধ্যেই ২০১৮ সালে কারাবন্দি হন বেগম খালেদা জিয়া। একই বছর তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। দলের জন্য সেটি ছিল অত্যন্ত কঠিন সময়। দলের চেয়ারপারসন কারাগারে, হাজার হাজার নেতাকর্মী মামলা ও গ্রেপ্তারের মুখে। এমন পরিস্থিতিতে বিদেশে অবস্থান করেই তাকে দলের নেতৃত্ব দিতে হয়েছে। এই সময়ে দলের সাংগঠনিক কাঠামো ধরে রাখা এবং রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখাই ছিল তার নেতৃত্বের বড় পরীক্ষা।
এরপর আসে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান। ছাত্র-জনতার এই আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষ শহীদ হন। আহত হন হাজার হাজার মানুষ। ৫ আগস্ট শেখ হাসিনার প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে। বাংলাদেশের রাজনীতিতে সূচিত হয় নতুন অধ্যায়। দীর্ঘদিনের রাজনৈতিক সংকটের পর গণতান্ত্রিক ধারায় ফিরে আসার প্রত্যাশা তৈরি হয় দেশজুড়ে।
তারেক রহমানের জন্যও এই পরিবর্তন ছিল এক নতুন সম্ভাবনার সূচনা। দীর্ঘ প্রায় ১৭ বছর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরেন।
কিন্তু দেশে ফেরার আনন্দের মধ্যেই নেমে আসে গভীর শোক। প্রত্যাবর্তনের মাত্র পাঁচ দিন পর, ৩০ ডিসেম্বর তার মা বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। ব্যক্তিগত জীবনের এই অপূরণীয় ক্ষতির পাশাপাশি বিএনপির রাজনৈতিক নেতৃত্বেও তৈরি হয় নতুন বাস্তবতা। ২০২৬ সালের ৯ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। বাবা-মায়ের রাজনৈতিক উত্তরাধিকার বহনের পাশাপাশি দলের পূর্ণাঙ্গ নেতৃত্বের দায়িত্বও তখন তার কাঁধে।
এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করে। দলটি ২১১টি আসনে জয়ী হয়। এই বিজয়ের মধ্য দিয়ে দীর্ঘ রাজনৈতিক প্রতীক্ষার অবসান ঘটে। প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান।
