
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৯ বার পঠিত | পড়ুন মিনিটে

রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির তেমন কোনো প্রভাব দেখা যায়নি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে নগরের বিভিন্ন সড়কে যানবাহন চলাচল ও মানুষের দৈনন্দিন কার্যক্রম ছিল স্বাভাবিক।
মিরপুর, গুলশান, বনানী, হাতিরঝিল, তেজগাঁও ও শাহবাগসহ বিভিন্ন এলাকায় সকাল থেকেই মানুষের চলাচল দেখা গেছে। সড়কে গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি ও রিকশা চলেছে অন্যান্য দিনের মতোই। কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে দেখা গেছে সাধারণ মানুষকে।
তবে ঝিরিঝিরি বৃষ্টি ও শীতের কারণে সকালে সড়কে যানবাহনের চাপ কিছুটা কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির সংখ্যা বাড়ে। নগরের কয়েকটি এলাকায় যানজটও দেখা যায়।
গুলশান এলাকার ট্রাফিক পরিদর্শক আ. বহমান জানান, সকালে যানবাহনের চাপ কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বেড়েছে। বর্তমানে অন্যান্য দিনের মতোই ট্রাফিক পুলিশকে যানবাহনের চাপ সামলাতে হচ্ছে।
এদিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতিও ছিল স্বাভাবিক।
পুলিশ সূত্র জানিয়েছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। এখন পর্যন্ত রাজধানীতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
