
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৭ বার পঠিত | পড়ুন মিনিটে

জয়পুরহাটের পাঁচবিবিতে যাত্রীবাহী বাসের মুখোমুখি ধাক্কায় আকাশ হোসেন (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট–হিলি আঞ্চলিক মহাসড়কের পাঁচবিবি শহরের নাকুরগাছি এলাকায় বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ সদর উপজেলার মধুপুর গ্রামের মাছ ব্যবসায়ী মো. নজরুল ইসলামের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন।পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে আকাশ মোটরসাইকেলে করে হিলির দিকে যাচ্ছিলেন হিলি থেকে পাবনাগামী ‘সৌমিক পরিবহন’ নামের একটি বাস বিপরীত দিক থেকে এসে তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন এবং তার মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে জয়পুরহাট ৪০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
