
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৪ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১৫ বার পঠিত | পড়ুন মিনিটে

জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
রাষ্ট্র সংলাপ ফোরাম নামের একটি সংগঠনের পক্ষ থেকে জিডিটি করা হয়। বিষয়টি তদন্তের জন্য ডিএমপির গোয়েন্দা সাইবার ক্রাইম বিভাগে পাঠানো হয়েছে বলে জানিয়েছে শাহবাগ থানা পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) এ জিডি করা হয়। এ বিষয়ে শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, অনলাইনে জুলাইকে অবমাননার অভিযোগে জিডি করা হয়েছে। সাইবার সংক্রান্ত হওয়ায় সেটি তদন্তের জন্য ডিবি সাইবার বিভাগে পাঠানো হয়েছে। তারা বিষয়টি তদন্ত করছে।
জিডিতে যা উল্লেখ করা হয়েছে
রাষ্ট্র সংলাপ ফোরামের কেন্দ্রীয় সদস্যসচিব আনম আয়াস ও তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ আলম বাদশা জিডিটি করেন।
জিডিতে বলা হয়, ১৪০০ এর বেশি শহীদ ও ৩০ হাজারের অধিক আহত মানুষের আত্মত্যাগের বিনিময়ে জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তবে সম্প্রতি কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে জুলাই আন্দোলন ও এর স্মৃতিচিহ্ন নিয়ে অবমাননাকর বক্তব্য ও কর্মকাণ্ড করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
প্রথমত, শান্তা ফারজানা নামে একজন ব্যক্তি জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ/আঘাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে তার ফেসবুক লিংকে প্রকাশ করেছেন—যা শহীদদের স্মৃতির প্রতি অবমাননাকর এবং জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে বলে জিডিতে উল্লেখ করা হয়।
দ্বিতীয়ত, মেহের আফরোজ শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও বার্তায় জুলাই আন্দোলনকে পরিকল্পিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপন করেছেন এবং রাষ্ট্র ও আন্দোলন নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
তৃতীয়ত, মাহিয়া মাহি তার সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ রয়েছে, যেখানে তিনি জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে কটাক্ষ করে তাদের অভিনয়ের সঙ্গে তুলনা করেছেন। এতে আন্দোলনে অংশগ্রহণকারীদের হেয় করা হয়েছে বলেও জিডিতে দাবি করা হয়।
বিষয়গুলো তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন পরে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। ওই আন্দোলনের ধারাবাহিকতায় ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ২০২৪ সালের জুন–জুলাইয়ের ওই আন্দোলনই ‘জুলাই আন্দোলন’ নামে পরিচিত।
