
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১০ বার পঠিত | পড়ুন মিনিটে

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৭ সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও পেশাজীবীদের মোবাইলে হুমকি দিয়ে চাঁদা দাবি করত। অন্যথায় বাড়িঘর বা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালিয়ে ভয়ভীতি প্রদর্শন করত বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম। এর আগে গতকাল সোমবার রাতে হাটহাজারী, বায়েজীদ ও খুলশী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলন জানান, সম্প্রীতি এক চিকিৎসককে বিদেশি নম্বর ব্যবহার করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এর প্রেক্ষিতে পুলিশ তাদের বিরুদ্ধে তদন্তে নামে। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সাতজন জানিয়েছে–তারা ডেভিড ইমনের সহযোগী হলেও, নিজেরাই একটি চক্র তৈরি করেছে। যারা বিভিন্ন ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ করে হুমকি দিতো। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এদিকে সীতাকুন্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সময় প্রকাশ্য অস্ত্র প্রদর্শনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি এক নলা দেশী বন্দুক জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
