
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১১ বার পঠিত | পড়ুন মিনিটে

পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে নিখোঁজের দুই দিন পর ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের চরকুড়ুলিয়া এলাকায় পদ্মার শাখা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাকিবুজ্জামান রকি (৩০) ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার কবিরপুর এলাকার মৃত হাসান আলীর ছেলে এবং শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্যসচিব ছিলেন।
লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম জানান, সকালে চরকুড়ুলিয়া আকাতের ঘাট এলাকায় পদ্মার শাখা নদীতে এক ব্যক্তির মরদেহ ভেসে যেতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি গত শুক্রবার রাতে পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নিচে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ হওয়া রাকিবুজ্জামান রকি।
উল্লেখ্য, শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঝিনাইদহের শৈলকুপা থেকে ১২০ জনের একটি দল ট্রলার ভাড়া নিয়ে কুষ্টিয়ার ভেড়ামারার সোলাইমান শাহর মাজারে বেড়াতে যান। পরে ওই দিন রাতে ফেরার পথে ট্রলারটি নিয়ে তারা ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টের কাছে পৌঁছালে পানির তীব্র স্রোতে ব্রিজের চার নম্বর পিলারের সঙ্গে ট্রলারের ধাক্কা লাগে। এতে ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি এবং লিটন (২৮) ও ওহাব (৪৫) নামে আরও দুজন ট্রলার থেকে নদীতে পড়ে যান।
এ সময় ট্রলারে থাকা অন্যরা লিটন ও ওহাবকে উদ্ধার করতে পারলেও রকি তীব্র স্রোতের কারণে পানিতে তলিয়ে যান। খবর পেয়ে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস নিখোঁজ ব্যক্তির সন্ধানে দুই দিন অভিযান চালালেও ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির সন্ধান পাওয়া যায়নি।
পুলিশ ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
