
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ২ বার পঠিত | পড়ুন মিনিটে

হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পরও নির্ধারিত সরকারি দায়িত্ব পালনে হবিগঞ্জ জেলা প্রশাসনের মিটিংয়ে অংশ নিয়েছেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে সাহেব সরকার বাড়ি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, হবিগঞ্জে জেলা প্রশাসনের একটি মিটিংয়ে যাওয়ার পথে ইউএনওর সরকারি গাড়ির সঙ্গে একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউএনও মেহেদী হাসান ও তার গাড়িচালক হেলাল মিয়া আহত হন।
ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, চালক হেলাল মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি এক্স-রে করানো হয়েছে। তবে ইউএনও মেহেদী হাসান গুরুতর আহত না হওয়ায় দুর্ঘটনার পরও নির্ধারিত সরকারি দায়িত্ব পালনে হবিগঞ্জে গিয়ে মিটিংয়ে অংশ নেন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি মাধবপুর থানায় আটক রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে।
দুর্ঘটনার মতো প্রতিকূল পরিস্থিতিতেও সরকারি দায়িত্বকে গুরুত্ব দিয়ে মিটিংয়ে অংশ নেওয়ায় ইউএনও মেহেদী হাসানের দায়িত্ববোধ ও কর্মনিষ্ঠার প্রশংসা করছেন স্থানীয়রা। ব্যক্তিগত অসুবিধার মধ্যেও দায়িত্ব পালনে তার এমন আন্তরিকতা একজন প্রশাসনিক কর্মকর্তার পেশাদারিত্ব ও কর্তব্যনিষ্ঠার পরিচয় বহন করে বলে মনে করছেন অনেকে।
সাংবাদিক শাবানা চৌধুরী বলেন, ইউএনও সাহেব অত্যন্ত দায়িত্বপরায়ণ। দুর্ঘটনার পরও সরকারি দায়িত্ব পালনে তিনি হবিগঞ্জে গিয়েছেন। হবিগঞ্জের জেলা প্রশাসক জিএম সরফরাজ বলেন, বিষয়টি আমি জেনেছি। ইউএনও তেমন আহত হননি বলে জানতে পেরেছি।
ইউএনও মেহেদী হাসান বলেন, আল্লাহর রহমতে আমি সুস্থ আছি। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
