
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১০ বার পঠিত | পড়ুন মিনিটে

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের গোয়ালখালী এলাকায় ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি বাস খাদে পড়ে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
আজ (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খুলনা থেকে ৪০ থেকে ৪২ জন যাত্রী নিয়ে বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। আহতদের মধ্যে গুরুতর ৪ থেকে ৫ জনকে উথলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘দুর্ঘটনায় আহত থাকলেও নিহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর থেকেই বাসের চালক ও সহকারী পলাতক রয়েছেন। এ ঘটনা মামলা প্রক্রিয়াধীন।’
