
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৬ বার পঠিত | পড়ুন মিনিটে

নিজ দেশের মানুষের সামনে থেকেই আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন লিওনেল মেসি। সর্বকালের অন্যতম সেরা এ তারকাকে শেষ একটি ম্যাচ খেলার জন্য অনুরোধ জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। আর তাতে সায় দিয়েছেন এলএমটেন। আগামী ৬ অক্টোবর আকাশী-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি।
নিজের মাতৃভূমি থেকে অনেকটা দূরে হারের তিক্ত স্বাদ নিয়ে লিওনেল মেসি বলছেন, ‘গুডবাই’। এমন একটা দৃশ্য হয়ত মেনে নিতে পারেননি বিশ্বের কোটি কোটি ফুটবল সমর্থকরা। আর আর্জেন্টিনা ভক্তদের জন্যেও বিষয়টা আরও বেশি হতাশার। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের তাই চেষ্টা ছিলো, শেষবারের মতো প্রেস্টিজিয়াস এই ১০ নম্বর জার্সি হোক লিওনেল মেসির নামে। ঘরের মাটিতে, চিরচেনা আবহে।
গত তিন সপ্তাহের এই প্রচেষ্টার অবশেষে মিলেছে সুফল। লিওনেল মেসি রাজি হয়েছেন শেষ একটা ম্যাচের জন্য। আগামী ৬ অক্টোবর প্রিয় এস্তাদিও মনুমেন্টালে ফুটবলের রাজা নামবেন তার শেষ ম্যাচের জন্য। অক্টোবরের সূচিতে আর্জেন্টিনা ৩ ম্যাচ নিশ্চিত করলেও মেসিকে দেখা যাবে ওই একবারই। আফ্রিকান দেশ বেনিনের বিপক্ষে আকাশী-সাদা জার্সি আর আর্মব্যান্ডটা শেষবারের মতো দেখা যাবে মেসির সঙ্গে।
আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, লিওনেল মেসির বিদায়ী ম্যাচে ২০২২ সালের বিশ্বকাপজয়ী দলের সকল সদস্য এবং তাদের পরিবার উপস্থিত থাকবেন। মেসিকে বিদায় দেয়ার জন্য থাকবে বিশেষ ব্যবস্থাপনা। আর এটি হবে আর্জেন্টিনার জার্সিতে মেসির ২০৮তম ম্যাচ।
এর আগে, ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। ৩ অক্টোবর তাদের ম্যাচ বুরকিনা ফাসোর বিপক্ষে। সেই দুই ম্যাচে অবশ্য থাকছেন না মেসি।
