
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট | ১৩ বার পঠিত | পড়ুন মিনিটে

দেশের পুঁজিবাজার থেকে সর্বোচ্চ ১ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে সিটি গ্রুপ। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের ইকুইটি পুঁজিবাজারে প্রবেশ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। প্রয়োজনীয় আইন-কানুন, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং বাজার পরিস্থিতি বিবেচনায় আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে প্রস্তাবিত তহবিল সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন করার আশা করছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সিটি গ্রুপের করপোরেট প্রধান কার্যালয়ে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও অর্থায়নের প্রয়োজন মেটাতে অন্যান্য অর্থায়ন ব্যবস্থার পাশাপাশি পুঁজিবাজারকে টেকসই অর্থের একটি উৎস হিসেবে বেছে নিয়েছে সিটি গ্রুপ। প্রতিষ্ঠানটির এই উদ্যোগের ফলে পুঁজিবাজারে নতুন ইস্যুয়ার যুক্ত হওয়ার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে অন্যান্য করপোরেট প্রতিষ্ঠানকেও বিকল্প অর্থায়নের উৎস হিসেবে পুঁজিবাজারে আসতে উৎসাহিত করবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
প্রস্তাবিত তহবিল সংগ্রহের জন্য সিটি গ্রুপের ইস্যু ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস পিএলসি। অর্থ সংগ্রহের ক্ষেত্রে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও, প্রাইভেট ইকুইটি, প্রেফারেন্স শেয়ার, করপোরেট বন্ড, সুকুক কিংবা অনুমোদিত অন্য কোনো পুঁজিবাজার উপকরণ ব্যবহার করা হতে পারে।
তবে কোন পদ্ধতিতে এবং কী কাঠামোয় অর্থ সংগ্রহ করা হবে, তা প্রয়োজনীয় বিধিবিধান, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং বাজার পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করা হবে। লংকাবাংলা ইনভেস্টমেন্টস প্রয়োজনীয় অনুমোদন ও বিধিবিধান অনুসরণ করে ইস্যু ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট পুঁজিবাজার কার্যক্রম পরিচালনা করবে।
উভয় প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে সিটি গ্রুপের জন্য উপযুক্ত অর্থায়ন কাঠামো তৈরি করাই এই উদ্যোগের লক্ষ্য। প্রস্তাবিত লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকিং সেবা ও অবকাঠামো দিতে ব্যাংকিং পার্টনার এবং ব্যাংকার টু দ্য ইস্যু হিসেবে লংকাবাংলা ইনভেস্টমেন্টসের সঙ্গে কাজ করবে ওয়ান ব্যাংক পিএলসি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান, সিটি গ্রুপের স্পনসর শেয়ারহোল্ডার ও পরিচালক ফারজানা রহমান এবং শম্পা রহমান। এ ছাড়া লংকাবাংলা ইনভেস্টমেন্টস পিএলসির পরিচালক ও লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী এবং ওয়ান ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
