
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৯ বার পঠিত | পড়ুন মিনিটে

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ছাতকে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ডিপ্লোমা প্রকৌশলী নিহত হয়েছেন। নিহতের নাম লুৎফুর রহমান (৩৯), তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার দিঘলী গ্রামের বাসিন্দা।
শুক্রবার (২০ নভেম্বর) রাত আটটার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতক উপজেলার চৌকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনা সময় তিনি নিজে মোটরসাইকেল চালাচ্ছিলেন। মোটরসাইকেলে তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দামোধরতপি গ্রামে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। ছাতকের চৌকা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলসহ সড়কের পাশে ছিটকে পড়েন তিনি এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর জয়কলস হাইওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার ও পিকআপটি জব্দ করে।
নিহত লুৎফুর রহমান ছাতকের গোবিন্দগঞ্জ এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে আলী ফিলিং স্টেশনে চাকরি করতেন। তার স্ত্রী ও এক বছর বয়সী যমজ দুই ছেলে আছে।
নিহত লুৎফুরের মামা মে. ওবায়দুল হক মিলন বলেন, সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে শান্তিগঞ্জের দামোধরতপি গ্রামে লুৎফুর রহমানের শ্বশুরবাড়ি। শুক্রবার (২০ নভেম্বর) রাতে কর্মস্থল গোবিন্দগঞ্জ থেকে মোটরসাইকেলে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন তিনি। পথে চৌকা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে সড়কের পাশে ছিটকে পড়েন তিনি এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনার পরপরই পিকআপের চালক পালিয়ে গেছেন। তবে পিকআপটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ থানায় রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে।
